আমার জীবন সদা পাপে রত
আমার জীবন সদা পাপে রত
নাহিক পুণ্যের লেশ ।
পরেরে উদ্বেগ দিয়াছি যে কত
দিয়াছি জীবেরে ক্লেশ ॥
নিজ সুখ লাগি' পাপে নাহি ডরি
দয়াহীন স্বার্থপর ।
পর সুখে দুঃখী সদা মিথ্যাভাষী
পরদুঃখ সুখকর ॥
অশেষ কামনা হৃদি মাঝে মোর
ক্রোধী দম্ভপরায়ণ ।
মদমত্ত সদা বিষয়ে মোহিত
হিংসা-গর্ব্ব বিভূষণ ॥
নিদ্রালস্য-হত সুকার্য্যে বিরত
অকার্য্যে উদ্যোগী আমি ।
প্রতিষ্ঠা লাগিয়া শাঠ্য আচরণ
লোভহত সদা কামী ॥
এহেন দুর্জ্জন সজ্জন-বর্জ্জিত
অপরাধী নিরন্তর ।
শুভকার্য্যশুন্য সদানর্থমনা
নানা দুঃখে জর জর ॥
বার্দ্ধক্যে এখন উপায়-বিহীন
তা'তে দীন অকিঞ্চন ।
ভকতিবিনোদ প্রভুর চরণে
করে দুঃখ নিবেদন ॥