অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়
অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় ।
অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় ॥
অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া ।
হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া ॥
যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি' ।
আমারে কিনিয়া লহ ভজ গৌরহরি ॥
এত বলি' নিত্যানন্দ ভূমে গড়ি যায় ।
সোনার পর্ব্বত যেন ধুলাতে লোটায় ॥
হেন অবতারে যার রতি না জন্মিল ।
লোচন বলে সেই পাপী এল আর গেল ॥