অরুণ বসনে সোনার সূরজ - শ্রীশ্রীগৌরসুন্দরের আবির্ভাব বাসরে
শ্রীল শ্রীমদ্ভক্তিরক্ষক শ্রীধর দেবগোস্বামী মহারাজ বিরচিত
69 views
অরুণ বসনে সোনার সূরজ
উদিছে কেন রে আজ ।
বসন্ত সুষমা উজারি আপনা
ঢালে কেন জগমাঝ ॥

তরু গুল্মলতা অপূর্ব্ব বারতা
বহে কেন ফলে ফুলে ।
ভৃঙ্গ ও বিহঙ্গে কেন হেন রঙ্গে
সঙ্গীত তরঙ্গ তুলে ॥

পতিত দুর্জ্জন কেন রে গর্জ্জন
উল্লাসে ফাটিয়া পড়ে ।
বিদ্যা কুল ধন অভিমানী জন
কেন ম্লান দুঃখ ভরে ॥

আকাশ বাতাস ঘুচাইয়া ত্রাস
আশ্বাসে ভাসায়ে দেয় ।
সাধুজন মন সুখ বিতরণ-
আবেশে উন্মাদ হয় ॥

চৌদিকেতে ধ্বনি কি অপূর্ব্ব শুনি
বহুজন উচ্চরোল ।
হরে কৃষ্ণ রাম নাম দিব্যধাম
হরি হরি হরি বোল ॥

ফাল্গুনী পূর্ণিমা হিন্দোল রঙ্গিমা
সুজন-ভজন রাগে ।
সংকীর্ত্তন সনে মরম গহনে
না জানি কিভাবে জাগে ॥

সন্ধ্যা সমাগম তপন মগন
কেন হেম ঘন কোলে ।
অপরূপ কত পূরব পর্ব্বত
সুবর্ণ চন্দ্রমা ভালে ॥

সুবর্ণ চন্দ্রমা পশিছে নীলিমা
সে নীল বিলীন হেমে ।
ইথে কিবা ভায় সাধুজন গায়
কলঙ্ক না রহে প্রেমে ॥

মহাজনে বলে গ্রহণের ছলে
সঙ্গে নাম সংকীর্ত্তন ।
গৌরচন্দ্রোদয় পাপ রাহু ক্ষয়
চন্দ্রশোভা প্রেম ধন ॥

মর্ম্মজ্ঞ সকলে কহে কুতূহলে
নীলিমা বিলীন চাঁদে ।
ছন্ন অবতার লুকান কাহার
রাধা-রুচি-রূপ-চাঁদে ॥

ইথে হেন স্তুতি রাধাভাব দ্যুতি
সুবলিত শ্যামরাও ।
উদিল গৌরাঙ্গ নাম-প্রেম সঙ্গ
জয় জয় গোরা গাও ॥