আত্মনিবেদন, তুয়া পদে করি
আত্মনিবেদন, তুয়া পদে করি’,
হইনু পরম সুখী ।
দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল,
চৌদিকে আনন্দ দেখি ॥১॥
অশোক-অভয়, অমৃত-আধার,
তোমার চরণদ্বয় ।
তাহাতে এখন, বিশ্রাম লভিয়া,
ছাড়িনু ভবের ভয় ॥২॥
তোমার সংসারে, করিব সেবন,
নহিব ফলের ভাগী ।
তব সুখ যাহে, করিব যতন,
হ’য়ে পদে অনুরাগী ॥৩॥
তোমার সেবায়, দুঃখ হয় যত,
সেও ত’ পরম সুখ ।
সেবা-সুখ-দুঃখ, পরম সম্পদ,
নাশয়ে অবিদ্যা-দুঃখ ॥৪॥
পূর্ব্ব ইতিহাস, ভুলিনু সকল,
সেবা-সুখ পে’য়ে মনে ।
আমি ত’ তোমার, তুমি ত’ আমার,
কি কাজ অপর ধনে ॥৫॥
ভকতিবিনোদ, আনন্দে ডুবিয়া,
তোমার সেবার তরে ।
সব চেষ্টা করে, তব ইচ্ছা-মত,
থাকিয়া তোমার ঘরে ॥৬॥