বড় সুখের খবর গাই, সুরভি-কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদ নিতাই
বড় সুখের খবর গাই ।
সুরভি-কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদ নিতাই ॥
বড় মজার কথা তায় ।
শ্রদ্ধা-মূল্যে শুদ্ধ-নাম সেই হাটেতে বিকায় ॥
যত ভক্ত-বৃন্দ বসি’ ।
অধিকারী দেখে’ নাম বেচ্ছে দর কষি’ ॥
যদি নাম কিনবে ভাই ।
আমার সঙ্গে চল মহাজনের কাছে য়াই ॥
তুমি কিনবে কৃষ্ণ-নাম ।
দস্তুরি লইব আমি, পূর্ণ হবে কাম ॥
বড় দয়াল নিত্যানন্দ ।
শ্রদ্ধা-মাত্র ল’য়ে দেন পরম আনন্দ ॥
একবার দেখলে চক্ষে জল ।
'গৌর’ বলে’ নিতাই দেন সকল সম্বল ॥
দেন শুদ্ধ কৃষ্ণ-শিক্ষা ।
জাতি, ধন, বিদ্যাবল না করে অপেক্ষা ॥
অমনি ছাড়ে মায়াজাল ।
গৃহে থাক, বনে থাক, না থাকে জঞ্জাল ॥
আর নাইকো কলির ভয় ।
আচণ্ডালে দেন নাম নিতাই দয়াময় ॥
ভক্তিবিনোদ ডাকি’ কয় ।
নিতাই-চাঁদের চরণ বিনা আর নাহি আশ্রয় ॥