বিমল হেমজিনি, তনু অনুপম রে
বিমল হেমজিনি তনু অনুপম রে !
তাহে শোভে নানা ফুলদাম ।
কদম্ব কেশর জিনি একটী পুলক রে !
তার মাঝে বিন্দু বিন্দু ঘাম ॥
জিনি' মদমত্ত হাতি গমন মন্থর অতি
ভাবাবেশে ঢুলি ঢুলি যায় ।
অরুণ-বসন ছবি জিনি প্রভাতের রবি
গৌরা-অঙ্গে লহরী খেলায় ॥
চলিতে না পারে গোরা- চাঁদ গোঁসাঞি রে
বলিতে না পারে আধ-বোল ।
ভাবেতে আবেশ হৈয়া হরি হরি বোলাইয়া
আচণ্ডালে ধরি' দেয় কোল ॥
এ সুখ-সম্পদ-কালে গোরা না ভজিনু হেলে
হেন পদে না করিনু আশ ।
শ্রীকৃষ্ণচৈতন্যচন্দ্র ঠাকুর শ্রীনিত্যানন্দ
গুণ গায় বৃন্দাবন দাস ॥