শ্রীগুরু বৈষ্ণব মাহাত্ম্য গীতি - শ্রীগুরুচরণ-পদ্ম, কেবল ভকতিসদ্ম
শ্রীগুরুচরণ-পদ্ম কেবল ভকতিসদ্ম
বন্দোঁ মুঞি সাবধান মতে ।
যাঁহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই
কৃষ্ণপ্রাপ্তি হয় যাঁহা হৈতে ॥
গুরুমুখ-পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য
আর না করিহ মনে আশা ।
শ্রীগুরুচরণে রতি সেই সে উত্তম গতি
যে প্রসাদে পূরে সর্ব্ব আশা ॥
চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই
দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত ।
প্রেমভক্তি যাহা হৈতে অবিদ্যা বিনাশ যাতে
বেদে গায় যাঁহার চরিত ॥
শ্রীগুরু করুণাসিন্ধু অধম জনার বন্ধু
লোকনাথ লোকের জীবন ।
হা হা প্রভু কর দয়া দেহ মোরে পদছায়া
এ অধম লইল শরণ ॥